ডেডিকেটেড ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের মধ্যে পার্থক্য কি · StartsNest
Technology & Gadgets

ডেডিকেটেড ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের মধ্যে পার্থক্য কি

ইন্টিগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের পার্থক্য, কোনটি কার জন্য উপযুক্ত, গেমিং পারফরম্যান্স ও কেনার গাইড।

ডেডিকেটেড ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের মধ্যে পার্থক্য কি

ডেডিকেটেড ও ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের মধ্যে পার্থক্য কি

কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় Graphics Card নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। Integrated Graphics নাকি Dedicated Graphics Card? সাধারণ কাজ, ব্রাউজিং, অফিসের কাজ বা ভিডিও দেখার জন্য Integrated Graphics যথেষ্ট হলেও Gaming, Video Editing, 3D Rendering কিংবা অন্যান্য ভারী কাজের জন্য Dedicated Graphics Card প্রয়োজন। এই আর্টিকেলে আমরা Integrated ও Dedicated Graphics-এর মধ্যে পার্থক্য নিয়ে সহজভাবে আলোচনা করব এবং আপনার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের Graphics Card বেছে নেওয়া উচিত সেটিও জানাবো।

ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কী?

ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হলো CPU-এর সঙ্গে একই চিপে থাকা GPU। এতে আলাদা গ্রাফিক্স কার্ড বা নিজস্ব VRAM থাকে না। প্রয়োজন অনুযায়ী এটি কম্পিউটারের RAM-এর একটি অংশ গ্রাফিক্স প্রসেসিংয়ের কাজে ব্যবহার করে। তাই কম RAM-এর কম্পিউটারে এর পারফরম্যান্স কিছুটা সীমিত হবে। তবে আধুনিক প্রসেসরগুলোর ইন্টিগ্রেটেড GPU (যেমন Intel Iris Xe, AMD Radeon) সাধারণ কাজের জন্য বেশ শক্তিশালী।

ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কী?

ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হলো CPU থেকে আলাদা একটি গ্রাফিক্স হার্ডওয়্যার, যার নিজস্ব GPU চিপ এবং VRAM থাকে। ফলে গ্রাফিক্স প্রসেসিংয়ের সময় এটি কম্পিউটারের RAM-এর ওপর নির্ভর না করে নিজের VRAM ব্যবহার করতে পারে। তবে এর পাওয়ার কনসামপশন ও হিট তুলনামূলক বেশি হওয়ায় ভালো কুলিং সিস্টেমের প্রয়োজন।

মূল পার্থক্য

মেমোরি ব্যবহার

ইন্টিগ্রেটেড GPU সিস্টেম RAM শেয়ার করে, আর ডেডিকেটেড GPU-এর নিজস্ব VRAM থাকে। এতে ডেডিকেটেড কার্ড বেশি মেমোরি-ব্যান্ডউইথ পায়।

পারফরম্যান্স

সাধারণ কাজে ইন্টিগ্রেটেড GPU যথেষ্ট, কিন্তু হাই-এন্ড গেমিং, ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, CAD বা AI টাস্কে ডেডিকেটেড GPU অপরিহার্য।

পাওয়ার ও তাপ

ইন্টিগ্রেটেড GPU কম বিদ্যুৎ খরচ করে এবং কম তাপ উৎপন্ন করে, ফলে ল্যাপটপের ব্যাটারি লাইফ বেশি। ডেডিকেটেড GPU বেশি পাওয়ার ও কুলিং চায়।

আপগ্রেডযোগ্যতা

ডেস্কটপে ডেডিকেটেড GPU পরে আপগ্রেড করা যায়, কিন্তু ইন্টিগ্রেটেড GPU প্রসেসরের সাথে আটকানো থাকে। ল্যাপটপে ডেডিকেটেড GPU সাধারণত আপগ্রেডযোগ্য নয়।

কোন কাজে কোন ধরনের গ্রাফিক্স কার্ড ভালো?

আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস, অনলাইন ক্লাস, ভিডিও দেখা কিংবা সাধারণ ছবি এডিটিং-এর মতো কাজ করেন, তাহলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সই যথেষ্ট। লাইট গেমিংয়ের ক্ষেত্রেও বর্তমান সময়ের অনেক ইন্টিগ্রেটেড GPU ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। তাই সাধারণ শিক্ষার্থী, অফিস ব্যবহারকারী বা যারা মূলত দৈনন্দিন সাধারণ কাজের জন্য কম্পিউটার ব্যবহার করেন, তাদের জন্য আলাদা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনা জরুরি নয়।

অন্যদিকে, আপনি যদি হাই-এন্ড গেমিং, ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, CAD বা থ্রিডি ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাহলে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন। প্রফেশনাল ছবি বা ভিডিও এডিটিং-এর পাশাপাশি GPU-নির্ভর সফটওয়্যার এবং AI-ভিত্তিক কিছু সফটওয়্যারে একটি ডেডিকেটেড GPU দরকার। বিশেষ করে বড় প্রজেক্ট, হাই রেজোলিউশনের ভিডিও এবং হেভী থ্রিডি কাজের ক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের বেশি প্রসেসিং পাওয়ার ও নিজস্ব VRAM গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গেমিংয়ে Integrated নাকি Dedicated?

ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়েও গেমিং করা যায়, তবে সব ধরনের গেমের জন্য এটি উপযুক্ত নয়। লাইটওয়েট গেম বা কম গ্রাফিক্স রিকোয়ারমেন্টের গেমগুলো ইন্টিগ্রেটেড GPU-তে ভালোভাবেই খেলা সম্ভব, তবে গ্রাফিক্স সেটিং কমিয়ে খেলতে হতে পারে। সাধারণত ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে 1080p রেজোলিউশনে কম বা মাঝারি গ্রাফিক্স সেটিংয়ে গেম খেলা যায়।

অন্যদিকে, নতুন হাই-এন্ড AAA গেম হাই রেজোলিউশন বা হাই গ্রাফিক্স সেটিংয়ে খেলতে চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন। এক্ষেত্রে ডেডিকেটেড GPU বেশি গ্রাফিক্স প্রসেসিং পাওয়ার দেওয়ায় সাধারণত ভালো FPS এবং স্মুথ গেমপ্লে পাওয়া যায়। তবে শুধু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকলেই যে গেমিং পারফরম্যান্স ভালো হবে, এমনটা ভাবা ঠিক নয়; পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে গ্রাফিক্স কার্ডের মডেল, VRAM এবং প্রসেসরের ওপর।

প্রসেসর ও গ্রাফিক্স কার্ডের সমন্বয়

ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনার সময় শুধু গ্রাফিক্স কার্ডের নাম বা VRAM দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার কম্পিউটারের প্রসেসরের সঙ্গে গ্রাফিক্স কার্ডটির মিল আছে কি না, সেটিও দেখে নিন। বর্তমানে কিছু প্রসেসরের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এতটাই শক্তিশালী যে, এর সঙ্গে খুব কম ক্ষমতাসম্পন্ন একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগালে পারফরম্যান্সে তেমন কোনো বড় পার্থক্য নাও দেখা যেতে পারে।

যেমন, AMD Ryzen 7 8700G-এর সঙ্গে Radeon 780M ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, যা দিয়েই অনেক লাইট ও মিড রেঞ্জের গেম খেলা যায়। এর সঙ্গে খুব কম ক্ষমতার এন্ট্রি-লেভেল ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগালে গেমিং পারফরম্যান্সে খুব বেশি উন্নতি হবে না। এ ধরনের প্রসেসরের সঙ্গে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হলে এমন GPU দরকার, যেটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের তুলনায় স্পষ্টভাবে বেশি কার্যকর।

একইভাবে, খুব হাই এন্ড গ্রাফিক্স কার্ডের সঙ্গে দুর্বল প্রসেসর ব্যবহার করলেও সমস্যা হতে পারে। প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল না হলে সেটি গ্রাফিক্স কার্ডের ফুল পাওয়ার কাজে লাগাতে পারবে না—এমন পরিস্থিতিকে সাধারণভাবে বটলনেক বলা হয়।

গ্রাফিক্স কার্ড কেনার আগে যেসব বিষয় দেখবেন

  • মাদারবোর্ডে প্রয়োজনীয় PCIe স্লট আছে কি না এবং কেসিংয়ে গ্রাফিক্স কার্ডের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কি না দেখুন।
  • আপনার পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ডের প্রয়োজনীয় ওয়াটের জন্য যথেষ্ট কি না এবং প্রয়োজনীয় পাওয়ার কানেক্টর আছে কি না যাচাই করুন।
  • 1080p গেমিংয়ের জন্য এক ধরনের GPU যথেষ্ট হলেও 1440p বা 4K গেমিংয়ের জন্য বেশি শক্তিশালী GPU দরকার।
  • মনিটরের রেজোলিউশন ও রিফ্রেশ রেটের সাথে GPU-এর ক্ষমতা মিলিয়ে নিন।
  • ব্র্যান্ডের ওয়ারেন্টি ও আফটার-সেলস সার্ভিস দেখুন।

FAQ

ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে কি গেম খেলা যায়?

হ্যাঁ, লাইট ও মিড রেঞ্জের গেম খেলা যায়, তবে গ্রাফিক্স সেটিং কমাতে হতে পারে। হাই-এন্ড AAA গেমের জন্য ডেডিকেটেড GPU ভালো।

ল্যাপটপে ডেডিকেটেড GPU কি আপগ্রেড করা যায়?

সাধারণত না; ল্যাপটপের GPU সোল্ডার্ড থাকে। ডেস্কটপে ডেডিকেটেড GPU আপগ্রেড করা যায়।

বটলনেক কী?

যখন CPU বা GPU একে অপরের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে না, তখন তাকে বটলনেক বলে। সুষম কনফিগারেশন দরকার।

বাজেট কম হলে কোনটি বেছে নেব?

সাধারণ কাজের জন্য ইন্টিগ্রেটেড GPU-যুক্ত প্রসেসরই যথেষ্ট; অতিরিক্ত টাকা খরচ করে ডেডিকেটেড GPU কেনার প্রয়োজন নেই।

Jabir Al Shaker

Jabir Al Shaker

Founder and editor of StartsNest. Technology writer and digital marketing specialist with expertise in mobile technology, consumer electronics, and online business strategies.

View all articles by Jabir Al Shaker →

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

👁 1 views (lifetime)